একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবকে বিনম্র শ্রদ্ধা: যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ
আনিছুর রহমান আইয়ুব, জামালপুর প্রতিনিধি

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রশাসন, রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ঢল নামে শহীদ মিনার প্রাঙ্গণে।
প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল
রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, মডেল থানা পুলিশ, পৌরসভা, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনী। এরপর মাদারগঞ্জ প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, স্বাস্থ্য কমপ্লেক্স, ব্র্যাক, ইএসডিও এবং বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আলোচনা সভা ও একুশের চেতনা
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন ‘যমুনা’ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান প্রধান দপ্তরের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
সুধীজন ও শিক্ষার্থীদের অংশগ্রহণ
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউল করিম আজাদ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বারী। এছাড়াও স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁদের বক্তব্যে ভাষা শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
