উপজেলা হাসপাতাল পরিদর্শন করলেন এমপি; চিকিৎসার মান নিয়ে কড়া হুঁশিয়ারি
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ গত ১৯ মার্চ রাত ৯টায় ফুলবাড়ী উপজেলা ৫০ শয্যা হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের ইমার্জেন্সি ও অন্তঃবিভাগের রোগীদের সাথে সরাসরি কথা বলে তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন।
চিকিৎসার মান ও পরিচ্ছন্নতার নির্দেশ
সংসদ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং মানসম্মত খাবার পরিবেশনের জন্য কর্তব্যরত ডাক্তারদের কঠোর নির্দেশ দেন। সেই সঙ্গে হাসপাতালের পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ তাগিদ দেন তিনি। প্যাথলজি বিভাগসহ রোগ নির্ণয়ের বিভিন্ন যন্ত্রপাতি সচল আছে কি না, সে বিষয়েও তিনি বিস্তারিত খোঁজ নেন।
বিদ্যমান সমস্যা ও সমাধানের আশ্বাস
পরিদর্শনকালে কর্তব্যরত ডাক্তাররা জানান, তাঁরা নিজস্ব উদ্যোগে আল্ট্রাসনোগ্রাম সেবা চালু রাখলেও দীর্ঘ দিন ধরে এনালগ এক্সরে মেশিনটি অচল হয়ে পড়ে আছে। এ ছাড়া হাসপাতালে প্রয়োজনীয় ডাক্তার ও টেকনিশিয়ানের বেশ কিছু পদ শূন্য রয়েছে।
জবাবে ড. আতিকুর রহমান মুজাহিদ বলেন, “হাসপাতালে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না।” তিনি অচল যন্ত্রপাতি সচল করা এবং প্রয়োজনীয় নতুন যন্ত্রপাতি সরবরাহের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি শূন্য পদগুলো দ্রুত পূরণের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করে ডাক্তার ও টেকনিশিয়ান নিয়োগের ব্যবস্থা করবেন বলেও আশ্বাস প্রদান করেন।
উপস্থিতিবৃন্দ ও সংবাদদাতার সাথে কথোপকথন
পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে ছিলেন উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু, ফুলবাড়ী সদর ইউনিয়নের আহ্বায়ক রাজু সরকার, উপজেলা যুবশক্তির আহ্বায়ক আরিফ আসলাম এবং শ্রমিক শক্তির আহ্বায়ক খলিলুর রহমানসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সবশেষে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, অনিয়ম বা দুর্নীতি যেই করুক না কেন, সঠিক তথ্য প্রমাণ পেলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
