উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; ৮ ডাক্তার অনুপস্থিত
সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (৭ মার্চ) সকাল ৯টায় তিনি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এখানে পরিদর্শনে যান। চিকিৎসকদের সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এই পরিদর্শন করেন।
১৬ জন ডিউটি ডাক্তারের মধ্যে অনুপস্থিত অর্ধেকই
পরিদর্শনকালে মন্ত্রী দেখতে পান, এই হাসপাতালে কর্মরত ২১ জন ডাক্তারের মধ্যে ৫ জন ছুটিতে রয়েছেন। তবে বাকি ১৬ জন কর্তব্যরত ডাক্তারের মধ্যে মাত্র ৮ জন উপস্থিত ছিলেন। উপস্থিত এই ৮ জনের মধ্যে আবার ২ জন নির্ধারিত সময়ের অনেক পরে পৌঁছেছেন। চিকিৎসকদের এমন অনিয়ম দেখে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং এই এলাকার রোগীদের সেবা কার্যক্রম ঘুরে দেখেন।
অনুপস্থিতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা খবর পেয়েছিলাম যে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তাররা সময়মতো আসেন না। আজকে সরেজমিনে তার সত্যতা পেয়েছি। ডাক্তারদের কাজ মানবিক। যারা আজকে উপস্থিত ছিলেন না, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
দেশে রেবিক্স টিকার সংকট কাটছে
পরিদর্শনকালে মন্ত্রী আরও জানান, সরকার নগদ অর্থ দিয়ে রেবিক্স (জলাতঙ্ক) টিকা কিনছে এবং তা প্রতিটি উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে। এর ফলে ভবিষ্যতে দেশে আর রেবিক্স টিকার কোনো সংকট থাকবে না বলে তিনি আশ্বস্ত করেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে এই উপজেলার নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং থানার পরিদর্শকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
