ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জ” এর আত্মপ্রকাশ: সেলিম সভাপতি, মানসুর সাধারণ সম্পাদক নির্বাচিত
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে “ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জ” নামে একটি নতুন সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বসুরহাটে অনুষ্ঠিত চবিয়ানদের এক মিলনমেলায় উক্ত সংগঠনের যাত্রা শুরু হয়। এতে বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আবদুল হাই সেলিম সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিজেএমইএর সহ-সভাপতি সাইফ উল্ল্যাহ মানসুর সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সংগঠনের উদ্দেশ্য ও গঠন
কোম্পানীগঞ্জে অবস্থানরত সাবেক ও বর্তমান চবিয়ানদের উপস্থিতিতে সর্বসম্মতভাবে উক্ত কমিটি গঠিত হয়। ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জ একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন।
এই সংগঠনটির প্রধান উদ্দেশ্যগুলো হলো:
- মিলনস্থল: বিশ্ববিদ্যালয়ের কোম্পানীগঞ্জের সাবেক শিক্ষার্থীদের মিলনস্থল হিসেবে কাজ করা।
- পরামর্শ: বর্তমান শিক্ষার্থীদের পরামর্শক হিসেবে কাজ করা।
- উন্নয়ন ও সহযোগিতা: কোম্পানীগঞ্জে শিক্ষার্থীদের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করা, যাতে কোম্পানীগঞ্জের সকল শ্রেণী-পেশার মানুষ উপকৃত হয়।
মিলনমেলায় উপস্থিতি
মিলনমেলায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও কোম্পানীগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. সাহাব উদ্দিন, আমেরিকা প্রবাসী আহসানুল্লাহ মিন্টু, সোহরাওয়ার্দী কলেজের অধ্যাপক মো. আবুল হাসান, ব্যাংকার সাইফ উল্লাহ শাহেদসহ শিক্ষাবিদ ফখরুদ্দিন, আলী হোসেন রিংকু, হাম্মাদুর রহমান, মুজাহিদুল ইসলাম সহ প্রায় ৫০ জন সাবেক চবিয়ান।
