অর্পিত সম্পত্তিতে অলৌকিক ‘মিউটেশন ম্যাজিক’

​অনুসন্ধানী ধারাবাহিক: ৭ম পর্ব

শেখ মেহেদী হাসান নাদিম

​ফ্যাসিস্ট জমানার সেই পুরোনো আমলাতান্ত্রিক পচন যে অতীতেই চুকেবুকে গেছে, তা ভাবলে বড় ভুল হবে। উল্টো বর্তমান সময়ে এসে সেই অনিয়মের চর্চা আরও বেপরোয়াভাবে ডালপালা মেলে শেকড় গেড়ে বসেছে। আগে হয়তো টেবিলের তলা দিয়ে বাড়তি টাকা ফেললে চুপিসারে একটা বেআইনি কাগজ পার পেয়ে যেত, আর এখন সুবিধার তোড়ে আস্ত একখানা সরকারি অর্পিত সম্পত্তির ওপর একসঙ্গে একটা-দুটো নয়, একেবারে ছয়-ছয়টি ভুয়া নামজারি অনায়াসে অনুমোদন পেয়ে যাচ্ছে!

​আইনের বইপত্তর খুলে বসলে স্পষ্ট দেখা যাবে—যে জমি সরকারি খতিয়ানে জেলা প্রশাসকের নামে নথিভুক্ত, আর যার তথাকথিত জালিয়াতির দলিলগুলো দেওয়ানি আদালতের রায়ে বাতিল হয়ে শূন্যে মিলিয়ে গেছে, তার ওপর কোনো এসি ল্যান্ডের নামজারি লিখে দেওয়ার আইনগত এক্তিয়ার বিন্দুমাত্র নেই। তার ওপর আবার হাইকোর্টের স্পষ্ট নির্দেশ বহাল রয়েছে। কিন্তু প্রশাসনিক চেয়ারে বসে থাকা বর্তমান কর্তাবাবুদের কাছে ওই সব আইনের বিধান কিংবা বিচারালয়ের নির্দেশ যেন শুধুই কাগজের নৌকা!

​এসি ল্যান্ডের খাসকামরায় সরাসরি সংঘাত ও ‘নথিজাত’ প্রহসন

​নাটকের আসল টানটান অধ্যায় শুরু হলো সেই দিন, যখন নালিশী সম্পত্তির মূল আইনানুগ ওয়ারিশ সোজা এসি ল্যান্ডের খাসকামরায় গিয়ে হাজির হলেন। মুখোমুখি দাঁড়িয়ে তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন:

“মশাই, আদালতের কাঠগড়ায় সরকার নিজেই যেখানে লড়াই করে প্রতারক চক্রটিকে হারাল এবং অর্পিত সম্পত্তি হিসেবে জয়ী হলো—আপনি সেই বিজয়ী সরকারের প্রতিনিধি হয়ে, সরকারেরই চেয়ারে বসে কোন প্রভাবে আবার সেই পরাজিত চক্রান্তকারীদের নামেই জমি খারিজ করে লিখে দিচ্ছেন?”

​সাধারণ বুদ্ধি বলে, এমন অকাট্য আইনি সত্যের মুখোমুখি দাঁড়ালে যেকোনো দায়িত্বশীল কর্মকর্তার কিছুটা হলেও থমকে যাওয়ার কথা। কিন্তু বর্তমান আমলের এসি ল্যান্ড সাহেবের চশমার কাচ যে স্বার্থের আবহে সম্পূর্ণ ঘোলাটে! উত্তর দেওয়া তো দূরের কথা, তিনি বিজয়ী সরকারের স্বার্থ কিংবা হাইকোর্টের নির্দেশ—কোনো কিছুরই তোয়াক্কা করলেন না। চোখ বুজে এক আদেশে মূল আবেদনটির ওপর সিলমোহর বসিয়ে দিলেন—‘নথিজাত!’

​যার সহজ বাংলা অর্থ দাঁড়ায়: ‘আদালতে সরকার জিতুক কিংবা হারুক, আইনের ধারা বহাল থাকুক বা ডাস্টবিনে যাক—আমরা ফাইল চাপা দিয়ে রাখব, যাতে বেআইনি দখলদারি নির্বিঘ্নে বজায় থাকে!’

​উন্মোচিত সত্য ও ফাইলবন্দী জালিয়াতি

​আদালতের চূড়ান্ত রায়ে বাদীদের জালিয়াতি উন্মোচিত হওয়া, মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশ কার্যকর থাকা এবং শুনানির টেবিলে জাল দলিলের পেছনের প্রতিটি কারণ ও জাদুকরী নথির গোমর দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাওয়ার পরও—এই অবৈধ নামজারিগুলো বাতিল করা হয়নি। সবকিছু চোখের সামনে পানির মতো পরিষ্কার হয়ে যাওয়ার পরেও এসি ল্যান্ড কার্যালয় যখন সেই ভুয়া খারিজগুলো বাতিল না করে পুরো আবেদনটিকে ‘নথিজাত’ করে আলমারিতে তুলে রাখে, তখন বুঝতে বাকি থাকে না যে এটি কোনো অনিচ্ছাকৃত ভুল নয়। বিজয়ী সরকার পক্ষের একজন হয়ে অর্পিত সম্পত্তিকে পরাজয় বরণ করা জালিয়াতদের থালায় নতুন করে সাজিয়ে দেওয়া এবং উন্মোচিত সত্যকে এভাবে প্রশাসনিকভাবে ফাইলবন্দী করে রাখা চলমান আমলাতান্ত্রিক নৈরাজ্য ও প্রাতিষ্ঠানিক পচনের এক নজিরবিহীন নির্লজ্জ দলিল।

​প্রশাসনিক সিন্ডিকেট ও অপরাধের অংশীদারত্ব

​অন্যায়কারী তো অন্যায় করবেই—সেটা তার অপরাধমূলক প্রবণতা। কিন্তু জনগণের ঘাম ঝরানো করের টাকায় মাসোহারা পাওয়া যে সরকারি কর্মকর্তার অর্পিত দায়িত্ব ছিল সেই অন্যায় প্রতিরোধ করা, অপরাধীর ভুয়া কাগজপত্রে নিজের দাপ্তরিক স্বাক্ষরের আইনি সিলমোহর বসানো কখনোই তাঁর আমলাতান্ত্রিক কর্তব্য হতে পারে না।

​আসল জালিয়াত চক্র তো পর্দার আড়ালে বসে থাকে; কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ারে বসে যারা সেই জালিয়াতির ফাইলেই সই ঠুকে দেয়, অন্যায়ের আসল পথ প্রস্তুত করে তো তারা-ই।

​তাই কেবল কাগজের জালিয়াতদের পিছু ধাওয়া করে কোনো লাভ নেই। আসল লড়াইটা এখন প্রশাসনিক ব্যবস্থার ভেতরে লুকিয়ে থাকা এই তথাকথিত ‘জনসেবক‘ দোসরদের বিরুদ্ধে। শুনানি হলো, আদালতের অকাট্য প্রমাণ টেবিলের ওপর রাখা হলো, অথচ সবকিছু জেনে-বুঝে যিনি ক্ষমতার দাপটে সত্যকে ‘নথিজাত‘ করে দিলেন—তিনি তো কেবল অন্যায়ের নীরব সাক্ষী নন, সরাসরি অপরাধের অংশীদার।

​আদালতের রায় ও সরকারি গেজেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা জনগণের অর্পিত সম্প লুটের রাস্তা তৈরি করে দেয়, তাদের মুখোশ টেনে খোলাই আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই প্রশাসনিক সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার না হওয়া পর্যন্ত, এই রাষ্ট্রে আইনি ন্যায়বিচার প্রতিষ্ঠা করা চিরকাল এক অলীক স্বপ্নই থেকে যাবে।

​(চলবে)…