৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ
আনিছুর রহমান আইয়ুব, জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নত জাতের পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। মাদারগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এই সরকারি প্রণোদনার আওতায় আনা হয়।
উপস্থিত অতিথিবৃন্দ
শুক্রবার (০৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুর রহমান, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তাহমিনা ইয়াসমিন, পীযূষ চন্দ্র বর্মনসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বক্তাদের আহ্বান ও কৃষকদের প্রতিক্রিয়া
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনার মূল লক্ষ্য হলো কৃষকদের পাট চাষে আরও আগ্রহী করে তোলা এবং পাটের হারানো গৌরব ফিরিয়ে আনা। তারা কৃষকদের সঠিক পদ্ধতিতে বীজ বপন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অধিক ফলন নিশ্চিত করার আহ্বান জানান।
বিনা মূল্যে উন্নত মানের এই বীজ হাতে পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন। তারা সরকারের এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও ফলপ্রসূ বলে উল্লেখ করেন।
