সার্টিফিকেটনির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে: ময়মনসিংহের জেলা প্রশাসক

ময়মনসিংহ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

শিক্ষার হার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কারিকুলামের আধুনিকায়ন হলেও শিক্ষার মূল উদ্দেশ্য অর্জিত হচ্ছে কি না, তা গভীরভাবে পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। তিনি বলেছেন, শুধু পরীক্ষার ভালো ফলাফল বা জিপিএ অর্জনই শিক্ষার একমাত্র মানদণ্ড হতে পারে না; শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর আচরণগত পরিবর্তন, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে।

​আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ময়মনসিংহের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের নেতৃত্বের ভূমিকা ও তরুণ প্রজন্ম

​সভায় জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, তরুণদের দোষারোপ না করে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্ব ও ব্যর্থতার জায়গাগুলো চিহ্নিত করতে হবে। তরুণ প্রজন্মকে সম্মান জানাতে শেখাতে হলে আগে তাদের সম্মান দেওয়ার মতো পরিবেশ তৈরি করা প্রয়োজন।

​তিনি আরও বলেন, প্রধান শিক্ষকদের শুধু প্রশাসনিক প্রধান হিসেবে নয়, একজন গতিশীল নেতা হিসেবে ভূমিকা রাখতে হবে। শিক্ষকরাই পারেন একজন শিক্ষার্থীর জীবনের মোড় ঘুরিয়ে দিতে এবং সহকর্মীদের পেশাগত দক্ষতা বাড়িয়ে পুরো স্কুলকে আদর্শ প্রতিষ্ঠানে রূপান্তর করতে।

সহশিক্ষা কার্যক্রম ও কার্যকর মনিটরিং

​শিক্ষাপ্রতিষ্ঠানকে আকর্ষণীয় করতে পাঠ্যপুস্তকের পাশাপাশি খেলাধুলা, বিজ্ঞানচর্চা, বিতর্ক, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়মিত আয়োজনের ওপর জোর দেন জেলা প্রশাসক। তিনি বলেন—

​”এসব সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ লাভ করে। এর জন্য বিশাল বাজেটের প্রয়োজন নেই, প্রয়োজন কেবল সদিচ্ছা, উদ্যোগ ও আন্তরিকতা। মনিটরিং ব্যবস্থা কেবল তথ্য সংগ্রহ ও ফাইলবন্দি প্রতিবেদনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। মনিটরিংয়ের মাধ্যমে কোথায় ঘাটতি বা গ্যাপ রয়েছে তা খুঁজে বের করে প্রতিটি শিক্ষার্থীর দুর্বলতা দূর করার পদক্ষেপ নিতে হবে।”

‘শিক্ষা নগরী’র মান ধরে রাখার আহ্বান

​বিদ্যালয়গুলোতে চালু থাকা ‘ক্লিন সানডে’ কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমের মূল লক্ষ্য শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই নাগরিক দায়িত্ববোধ ও পরিবেশের প্রতি সচেতন করে তোলা। ময়মনসিংহের ঐতিহ্যবাহী ‘শিক্ষা নগরী’ পরিচয় ধরে রাখতে হলে বাস্তবভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথিবৃন্দ ও আলোচনা

​ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার এবং ময়মনসিংহ পিটিআই-এর সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শাহজাহান কবীর

​সভায় উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের বাস্তব চিত্র, শিক্ষাদান পদ্ধতি ও নানা সমস্যার কথা তুলে ধরে মূল্যবান মতামত প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *