সাদাপাথর লুটের মামলায় শোকজের জবাব বিএনপির দুই নেতার, বিবৃতি দেওয়ার বিষয় অস্বীকার
নিজস্ব প্রতিবেদক
সিলেট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২১: ১১

সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর লুটের মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা সাহাব উদ্দিনের মুক্তি চেয়ে বিবৃতি দেওয়ার ঘটনায় কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাওয়া উপজেলা বিএনপির শীর্ষ দুই নেতা লিখিত জবাব দিয়েছেন। জবাবে তাঁরা দাবি করেছেন, তাঁরা এমন কোনো বিবৃতি দেননি।
আজ রোববার সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী এই দুই নেতার লিখিত জবাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুই নেতার লিখিত জবাব সাংগঠনিকভাবে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত বুধবার জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত একটি নোটিশ কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মন্নান ও সাধারণ সম্পাদক আলী আকবরের কাছে পাঠানো হয়েছিল। তাঁরা ১৫ সেপ্টেম্বর উপজেলা বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে কেন্দ্র থেকে পদ স্থগিত হওয়া সাহাব উদ্দিনের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেছিলেন। ওই বিবৃতিতে তাঁরা দাবি করেন, সাহাব উদ্দিনকে সাদাপাথর লুটের মামলায় মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ‘সম্প্রতি কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সব দলীয় পদ স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত বহাল থাকাবস্থায় তাঁর পক্ষে আপনারা গণমাধ্যমে বিবৃতি প্রদান করেছেন, যা সরাসরি বিএনপির নীতি, আদর্শ ও কেন্দ্রীয় সিদ্ধান্তের পরিপন্থী এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের শামিল।’
এর জবাবে আবদুল মন্নান ও আলী আকবর পৃথকভাবে লিখিত জবাব দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, বিবৃতি প্রকাশের দিন তাঁরা পারিবারিক কাজে ঢাকার ফকিরাপুল এলাকার আবাসিক হোটেল নিউ স্টার্নে অবস্থান করছিলেন এবং প্রকাশিত বিবৃতিতে তাঁরা কোনো স্বাক্ষর করেননি। উভয়েই তাঁদের ওপর আনা অভিযোগ থেকে অব্যাহতি চেয়েছেন।
তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর এর আগে গত মঙ্গলবার প্রথম আলোকে বিবৃতি দেওয়ার বিষয়টি স্বীকার করেছিলেন। ওই দিন তিনি বলেছিলেন, ‘আমরা তাঁকে ভালোভাবে চিনি। তিনি কোনো লুটপাটে ছিলেন না। বরং লুটপাটের বিরুদ্ধে তাঁর নেতৃত্বে আমরা মিছিল, মানববন্ধন করেছি।’ উল্লেখ্য, আলী আকবর বিএনপি নেতা সাহাব উদ্দিনের চাচাতো ভাই।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর রাতে সাহাব উদ্দিনকে সিলেট নগরের আম্বরখানা এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) গ্রেপ্তার করে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। গত ১১ আগস্ট কেন্দ্রীয় বিএনপি চাঁদাবাজি, দখলবাজিসহ দলীয় নীতি ও আদর্শবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে তাঁর পদ স্থগিত করে।
সাদাপাথর লুটের মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা সাহাব উদ্দিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক ধ্রুব জ্যোতি পাল এই আদেশ দেন।
