শ্রম আইন পরিপন্থী বদলি বাতিল ও ৪ শ্রমিক নেতার পুনর্বহালের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন
রাশিদ আহমেদ নিসর্গ , ময়মনসিংহ

বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জনাব মোঃ হাফিজুর রহমানসহ ৪ জন শ্রমিক নেতার বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন করে জারিকৃত বদলির আদেশের প্রতিবাদে ময়মনসিংহে বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) প্রধান প্রকৌশলীর দপ্তর, বিতরণ কেন্দ্রীয় অঞ্চল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), ময়মনসিংহের প্রধান ফটকের সামনে ‘বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা শাখার নেতৃবৃন্দ, সাধারণ শ্রমিক-কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শ্রম আইন লঙ্ঘন ও অন্যায্য আদেশের অভিযোগ
মানববন্ধনে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ বেলায়েত হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা সম্পাদক ও ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ খান এবং ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ০৯ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম কম্পিউটার সেন্টারে সংঘটিত একটি অত্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। উক্ত ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও অন্যায্যভাবে শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে, যা শ্রম আইন, ২০০৬-এর ১৮৭ ধারার স্পষ্ট লঙ্ঘন এবং ট্রেড ইউনিয়ন কার্যক্রমের পরিপন্থী।
৪ নেতার পুনর্বহালের দাবি ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
মানববন্ধন থেকে বক্তারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের নিকট জোর দাবি জানিয়ে বলেন, শ্রম আইন পরিপন্থী ও অন্যায্য এই বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সাথে অনতিবিলম্বে বদলিকৃত ৪ নেতা—
- জনাব মোঃ হাফিজুর রহমান (প্ল্যান্ট অপারেটর-সি)
- মোঃ নূরুনবী (লাইনম্যান-বি)
- মোঃ শফিকুল ইসলাম (ইলেকট্রিশিয়ান-এ) এবং
- মোঃ আইয়ুব (গাড়িচালক)
—তাঁদের সকলকে পূর্বের কর্মস্থলে সসম্মানে পুনর্বহাল করার দাবি জানানো হয়।
নেতৃবৃন্দ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার, সাংগঠনিক স্বাধীনতা এবং ট্রেড ইউনিয়নের বৈধ কার্যক্রম সুরক্ষার স্বার্থে এই দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। অন্যথায়, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সাধারণ শ্রমিকদের স্বার্থ রক্ষায় আগামীতে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
