রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবি ছিদ্দিকের দাফন সম্পন্ন
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা আবু বকর ছিদ্দিক (এবি ছিদ্দিক স্যার) আর নেই। সোমবার (১৯ জানুয়ারি) ভোরে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা
সোমবার বাদ আসর মরহুমের দীর্ঘদিনের কর্মস্থল গাজীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
দাফনের পূর্বে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন:
- সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুম।
- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল আজিম চৌধুরী।
- যুগ্ম আহ্বায়ক মনজুর মোরশেদ ও আবু তাহেরসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
স্মৃতিচারণ ও শোক
এবি ছিদ্দিক স্যার গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হিসেবে এই অঞ্চলে শিক্ষার প্রসারে অসামান্য অবদান রেখেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সেনবাগের রাজনৈতিক, সামাজিক ও শিক্ষক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
