রায়পুরায় বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি হত্যা মামলায় ৫ জন গ্রেপ্তার!

সাদ্দাম উদ্দীন রাজ, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ও বাক্‌প্রতিবন্ধী ববি বেগম (৫৫) হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। এই অভিযানে রেলওয়ে ডিবি পুলিশ ও নরসিংদী র‍্যাব-১১ ক্যাম্পের সদস্যরা সার্বিক সহায়তা করেন।

​গত ৯ ও ১০ জুলাই ভোর পর্যন্ত ঢাকা, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

​গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— সাকিন মিয়া (২০), ইলিয়াস হোসেন (৩৫), বিল্লাল মিয়া (২৫), দ্বীন ইসলাম (২৬) ও রিফাত মিয়া (২০)।

টাকা ছিনতাই ও বর্বরোচিত হামলা

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুলাই রাত আনুমানিক দুইটার দিকে রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় ববি বেগমকে নির্মমভাবে মারধর করে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা দীর্ঘদিনের জমানো প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। হামলায় বৃদ্ধার চোখ, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

​ঘটনার পর তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তবে হাসপাতালে থাকতে অস্বস্তিবোধ করায় তাকে আবারও স্টেশনের ওই পরিত্যক্ত কক্ষে এনে রাখা হয়। গত ৮ জুলাই রাতে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়লে ববি বেগমকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত সোয়া একটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

জানাজায় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ

​নিহত ববি বেগম প্রায় ২৫ বছর ধরে মেথিকান্দা রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে আসছিলেন। গত ৮ জুলাই ময়নাতদন্ত শেষে রাত নয়টার দিকে স্টেশন-সংলগ্ন এলাকায় তার দাফন সম্পন্ন হয়।

​তার জানাজায় রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান, ভৈরব রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ, পুলিশ সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শতাধিক সাধারণ মানুষ অংশ নেন। এর আগে গত ৭ জুলাই মেথিকান্দা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাহীন মিয়া বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন।

আসামিরা কারাগারে, তদন্ত চলমান

​ভৈরব রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ বলেন, ঘটনার পর তিনি মেথিকান্দা রেলওয়ে স্টেশন পরিদর্শন করে আহত ববি বেগমের খোঁজখবর নিয়েছিলেন এবং তাকে আর্থিক সহায়তা প্রদান করেছিলেন।

​তিনি আরও জানান—

​”প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের এই বর্বরোচিত ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। গত ১০ জুলাই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত চলছে এবং ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *