মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, সাবেক মেম্বার পলাতক
আনিছুর রহমান আইয়ুব, জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচূড়া ইউনিয়নে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদের বিরুদ্ধে। এই নজিরবিহীন ঘটনার পর থেকেই অভিযুক্ত মাসুদ পলাতক রয়েছেন।
লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ২নং কড়ইচূড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভেলামারী পূর্বপাড়া এলাকার বাসিন্দা ও সাবেক মেম্বার মাসুদুর রহমান মাসুদ বিভিন্ন ধরনের লোভ-লালসা দেখিয়ে ওই প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করেন। এলাকাবাসীর প্রাথমিক সাক্ষ্যে ঘটনার সত্যতা মিলেছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে এলাকায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
অভিযুক্ত সপরিবারে আত্মগোপনে
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদ গা ঢাকা দিয়েছেন। ভেলামারী এলাকায় তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের বাইরে থেকে তালা ঝুলছে এবং বাড়িতে কোনো সদস্য নেই। সপরিবারে পলাতক থাকায় তাঁর পরিবারের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পুলিশি হেফাজতে ভুক্তভোগী
বর্তমানে ভুক্তভোগী শিশুটি পুলিশি হেফাজতে রয়েছে। বিষয়টি এখন পুরোপুরি আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
