​মাউশির মহাপরিচালক পদ থেকে অব্যাহতি চাইলেন অধ্যাপক মুহাম্মদ আজাদ খান

বিশেষ প্রতিবেদক, ঢাকা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ার পর তিনি নিজ থেকেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। আজ মঙ্গলবার তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে এই অব্যাহতির আবেদন করেন।

​শিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সরিয়ে দেওয়ার উদ্যোগ ও আবেদন আহ্বান

​অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে সরিয়ে দেওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছিল গতকাল সোমবার। কারণ, গতকালই শিক্ষা মন্ত্রণালয় এই পদে নিয়োগ দেওয়ার জন্য আবেদন আহ্বান করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এভাবে আবেদন আহ্বান করে মাউশির মহাপরিচালক (বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শীর্ষ পদ) পদে নিয়োগের উদ্যোগ নজিরবিহীন

​মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এই পদে কাজ করতে আগ্রহী ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে (সশরীর) আবেদন করতে অনুরোধ করা হচ্ছে।

অব্যাহতির কারণ ও অসন্তোষ

​শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, বর্তমান মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খানের বিষয়ে মন্ত্রণালয়ের নীতিনির্ধারকেরা সন্তুষ্ট নন, যে কারণে তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে। তবে মন্ত্রণালয় যাচাই-বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমে সৎ ও প্রশাসনিক কাজে দক্ষ কাউকে নিয়োগ দিতেই এই আবেদন আহ্বান করেছে।

​এই পরিস্থিতিতে অধ্যাপক মুহাম্মদ আজাদ খান তাঁর আবেদনে লিখেছেন যে স্বাস্থ্যগত কারণে তাঁর পক্ষে দায়িত্ব পালন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই তিনি মহাপরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি চান।

​উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি থেকে তিনি মাউশি মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর আগে নিয়োগ পাওয়া অধ্যাপক এহতেসাম উল হককেও মাত্র ২০ দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *