
কামাল হোসেন | ময়মনসিংহ
ময়মনসিংহ পোস্টাল বিভাগে অবিভাগীয় শাখা ডাকঘরের (ইডিএ/ইডিএসপিএম) কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে নজিরবিহীন অনিয়ম, ঘুষ বাণিজ্য এবং প্রশাসনিক কারসাজির চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে লিখিত পরীক্ষা গ্রহণ এবং কমিটি গঠন—প্রতিটি ধাপেই স্বচ্ছতার আড়ালে চলেছে সুপরিকল্পিত অনিয়ম। ৬৫টি শূন্য পদের মধ্যে ৩৮টি পদে জনপ্রতি ৩ লাখ টাকা করে মোট ১ কোটি ১৪ লাখ টাকা ঘুষ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে।
বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদনের সময়সীমা নিয়ে লুকোচুরি
দাপ্তরিক নথিপত্র অনুযায়ী, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) মুহাম্মদ মোজাম্মেল হক স্বাক্ষরিত একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে (স্মারক নং- এ-৭৫/কিল্লাতাজপুর বিও/২০২৬) স্বাক্ষরের তারিখ দেখানো হয়েছে ১০ জুন ২০২৬। অথচ অভিযোগ উঠেছে, বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় ২৯ জুন ২০২৬ তারিখে এবং আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয় পরদিন অর্থাৎ ৩০ জুন বিকেল ৪টা পর্যন্ত।
নথিতে শর্ত দেওয়া হয়েছিল, আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্র ডাকযোগে ডিপিএমজি কার্যালয়ে পৌঁছাতে হবে। প্রশ্ন উঠেছে, ২৯ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করে ৩০ জুনের মধ্যে ডাকযোগে আবেদনপত্র পৌঁছানো সাধারণ প্রার্থীদের পক্ষে কীভাবে সম্ভব? স্থানীয় কোনো পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ না করে গোপনে এই সময়সীমা নির্ধারণের মাধ্যমে সাধারণ ও যোগ্য প্রার্থীদের আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
পরীক্ষার সময়সূচি ও কমিটি গঠনে অসংগতি
ডাক অধিদপ্তরের ২৪ মার্চ ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে ১৬ জুন ২০২৬ তারিখে নিয়োগ কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ১ অক্টোবর ২০২৬ তারিখে ডিপিএমজি মুহাম্মদ মোজাম্মেল হক স্বাক্ষরিত আরেকটি অফিস আদেশে (নথি নং- ১৪.৩১.৬১০০.২৩০.০৬.০১৭.২০২৬/ইডি নিয়োগ) ১৬ অক্টোবর ২০২৬ তারিখে লিখিত পরীক্ষা গ্রহণ এবং খাতা মূল্যায়ন, মৌখিক পরীক্ষা ও চূড়ান্ত ফলাফল প্রকাশের জন্য ৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি পুনর্গঠন করা হয়।
কমিটিতে ময়মনসিংহ পোস্টাল বিভাগের সুপার মো. আবদুর রশিদকে সভাপতি এবং ময়মনসিংহ দক্ষিণ উপ-বিভাগের পোস্ট অফিস পরিদর্শক মো. সিরাজুল ইসলামকে সদস্যসচিব করা হয়। সদস্য হিসেবে রাখা হয় পরিদর্শক (প্রশাসন) মো. সফিকুল আযম খান, মোহনগঞ্জ উপ-বিভাগের পরিদর্শক আবু হেনা মোনাসিব করিম, নেত্রকোণা উপ-বিভাগের পরিদর্শক মো. মামুনুর রশিদ, গফরগাঁও উপ-বিভাগের পরিদর্শক মো. মোস্তফা কামাল এবং ময়মনসিংহ উত্তর উপ-বিভাগের পরিদর্শক মো. ফারহাজ খান সায়রকে।
অভিযোগ রয়েছে, ১৬ অক্টোবর সকাল ১০টায় লিখিত পরীক্ষা হওয়ার কথা থাকলেও রহস্যজনক কারণে তা নেওয়া হয় দুপুর দেড়টার দিকে। মূলত আর্থিক লেনদেনের মাধ্যমে পূর্বনির্ধারিত প্রার্থীদের সুবিধা দিতেই পরীক্ষার সময়সূচি ও ব্যবস্থাপনায় এই অনিয়ম করা হয়েছে বলে দাবি চাকরিপ্রার্থীদের।
ঘুষের ভিডিও প্রমাণ ও একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ধামাচাপার চেষ্টা
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৬৫টি পদের মধ্যে ৩৮টি শাখা ডাকঘরে নিয়োগ চূড়ান্ত করা হলেও বাকি ২৭টি পদের নিয়োগ এখনো স্থগিত রাখা হয়েছে। অভিযোগ উঠেছে, ওই ২৭টি পদের প্রার্থীরা জনপ্রতি ৩ লাখ টাকা ঘুষ দিতে রাজি না হওয়ায় তাদের নিয়োগ প্রক্রিয়া আটকে রাখা হয়েছে।
বিশেষ করে পাগলার চর শাখা ডাকঘরের নিয়োগে মুক্তার মিয়া নামক এক ব্যক্তির কাছ থেকে ৩ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে পোস্ট অফিস পরিদর্শক মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে। পরবর্তীতে অর্থ লেনদেনের ভিডিওসহ বিভিন্ন প্রমাণ সামনে এলে কর্তৃপক্ষ মুক্তার মিয়াকে চাকরি থেকে অব্যাহতি দেয়। এ ছাড়া ফুলবাড়িয়া উপজেলার কালাদহ, দেওগ্রাম ও বাবুলের বাজার শাখা ডাকঘরের নিয়োগেও পরিদর্শক সিরাজুল ইসলাম ও সফিকুল আযম খান জনপ্রতি ৩ লাখ টাকা করে নিয়ে নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
সচেতন মহলের প্রশ্ন, একই প্রক্রিয়ায় এবং একই কমিটির মাধ্যমে ৩৮টি পদে নিয়োগ সম্পন্ন হওয়ার পর ঘুষ লেনদেনের প্রমাণে যদি একজনের নিয়োগ বাতিল করা হয়, তবে বাকি ৩৭টি নিয়োগের বৈধতা কীভাবে থাকে?
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নীরবতা ও তদন্তের দাবি
ইতোমধ্যে ভুক্তভোগী ও চাকরিপ্রত্যাশীরা পোস্টমাস্টার জেনারেল (পিএমজি) এবং ডাক বিভাগের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে দৃশ্যমান কোনো তদন্ত বা প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় অভিযুক্ত কর্মকর্তাদের প্রভাব ও ঊর্ধ্বতন মহলের পৃষ্ঠপোষকতা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
অবিলম্বে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ডাক বিভাগের উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে পুরো নিয়োগ প্রক্রিয়া, নথিপত্র এবং আর্থিক লেনদেনের অভিযোগ যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।