ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’। টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে ২০২৬) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের সময়সূচি ও ভেন্যু
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় টুর্নামেন্টের সম্ভাব্য তারিখ ও ভেন্যু চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ মে থেকে ১৯ মে পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ভেন্যু হিসেবে বালক পর্বের জন্য সার্কিট হাউজ মাঠ এবং বালিকা পর্বের জন্য মহিলা ক্রীড়া সংস্থার মাঠ নির্ধারণ করা হয়েছে।
খেলার নিয়ম ও ফিক্সচার
সভায় জানানো হয়, ২০২৫ সালের বালক পর্বের চ্যাম্পিয়ন ত্রিশাল ও রানারআপ হালুয়াঘাট এবং বালিকা পর্বের চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ ও রানারআপ ধোবাউড়া উপজেলা সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলবে। এছাড়া বাকি ১১টি উপজেলার মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত একটি উপজেলা সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে। অবশিষ্ট ১০টি উপজেলার মধ্যে প্রথম পর্বের (১ম রাউন্ড) খেলা অনুষ্ঠিত হবে।
প্রশাসনিক প্রস্তুতি ও নির্দেশনা
সভায় খেলোয়াড়দের উচ্চতা ও বয়স নির্ধারণসহ নির্ভুল বাছাই প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে মেডিকেল টিম, ধারাভাষ্যের জন্য মাইক এবং খেলোয়াড়দের নিরাপদ পরিবহন নিশ্চিত করতে জেলা প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়।
জেলা প্রশাসকের বক্তব্য
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, “খেলোয়াড়দের উৎসাহিত করতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আঞ্চলিক টিমের ব্যবস্থাপকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।” তিনি টুর্নামেন্টের সাফল্য কামনা করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
