বিনা লাভের দোকানে ক্রেতাগণের স্বস্তি; রমজান সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের খলিলগঞ্জ এলাকায় পবিত্র রমজানকে সামনে রেখে সাধারণ মানুষের জন্য ‘বিনা লাভের দোকান’ চালু করা হয়েছে। স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল)-এর উদ্যোগে ৯ মার্চ থেকে শুরু হওয়া এই বাজারে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে ভিড় করছেন ক্রেতারা।

বাজারের চেয়ে অনেক কম দাম

খলিলগঞ্জ বাজারের পাশে জেলা মহিলা বিষয়ক অফিস সংলগ্ন রাস্তায় তৈরি করা হয়েছে এই ভ্রাম্যমাণ দোকান। এখানে ডিম, আলু, পিয়াজ, বেগুন, শসা ও ধনেপাতাসহ বিভিন্ন পণ্য সাজিয়ে রাখা হয়েছে। সোমবার বাজারে গিয়ে দেখা যায়, প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে মাত্র ২৮ টাকায়, যা সাধারণ বাজারে ৩৬ টাকা। প্রতি হালি ডিমে ৮ টাকা সাশ্রয় হওয়ায় সাধারণ ক্রেতাদের মাঝে ব্যাপক স্বস্তি লক্ষ্য করা গেছে।

স্বস্তিতে সাধারণ মানুষ

দোকানটিতে পণ্য কিনতে আসা মর্জিনা বেগম বলেন, “এমন বাজার হামার (আমার) কাছে স্বপ্নের মতো লাগছে। হামরা খুব খুশি বাহে।” কাঠমিস্ত্রি আলমগীর জানান, বাজারের অস্বাভাবিক দামের মধ্যে এই বিনা লাভের বাজার তাঁদের জন্য বড় সুসংবাদ নিয়ে এসেছে। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বাজার খোলা থাকে, যেখানে সংগঠনের স্বেচ্ছাসেবীরা স্বেচ্ছাশ্রমে বিক্রয়কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: বিজিবি’র মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক জব্দ; গ্রেপ্তার ১

শুভ উদ্বোধন ও কর্তৃপক্ষের বক্তব্য

সোমবার দুপুরে এই ব্যতিক্রমী বাজারের উদ্বোধন করেন কুড়িগ্রাম সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহা. হুমায়ুন কবির। তিনি বলেন, “ফুল সংগঠন সবসময় ভালো কাজ করে। এমন মানবিক উদ্যোগের জন্য তাদের ধন্যবাদ জানাই।” অনুষ্ঠানে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠন ‘ফুল’-এর নির্বাহী পরিচালক আবদুল কাদের জানান, পবিত্র রমজানে সাধারণ মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করতে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কিছুটা স্বস্তি দিতেই এই আয়োজন। এই মানবিক কার্যক্রম সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *