বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান রেডিংটন
প্রযুক্তি ডেস্ক। প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৪

বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত পরিবেশক রেডিংটন লিমিটেডসংগৃহীত
ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট-সেবা স্টারলিংক বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। চলতি বছর মে মাস থেকে দেশে স্টারলিংকের দ্রুতগতির ইন্টারনেট-সেবার কার্যক্রম চলছে। আন্তর্জাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান রেডিংটন লিমিটেড বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করছে।
অনুমোদিত পরিবেশক ও রিটেইলার
রেডিংটন লিমিটেড আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট-সেবা চালুর পর থেকেই তারা অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করছে।
রেডিংটন লিমিটেডের কাছ থেকে স্টারলিংক কিট কিনে দেশের বাজারে অনুমোদিত রিটেইলার হিসেবে বিক্রি করছে নিম্নলিখিত চারটি প্রতিষ্ঠান:
- গ্যাজেট অ্যান্ড গিয়ার
- গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
- রায়ানস কম্পিউটারস
- স্টার টেক
বিক্রয়োত্তর সেবা ও নকল পণ্য ঠেকানো
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই অনুমোদিত রিটেইলার প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন শাখা থেকে স্টারলিংকের অফিশিয়াল কিটগুলো কিনলেই কেবল বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।
এই প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকেরা সহজেই স্টারলিংকের অফিশিয়াল কিট কিনতে পারবেন এবং নকল পণ্য কেনার ঝুঁকি দূর হবে।
