মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে দায়িত্বশীল রোকন ও কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বাদ এশা বসুরহাট পৌরসভার আজমিরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। ৮ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, রোকন ও কর্মীরা অংশ নেন।
নেতৃত্বের পরিবর্তন ও আদর্শিক দৃঢ়তা
সভায় প্রধান অতিথির বক্তব্যে বসুরহাট পৌরসভা জামায়াতের সাবেক আমীর ও আসন্ন নির্বাচনের মেয়র প্রার্থী মাওলানা মোশারফ হোসাইন বলেন, সাংগঠনিক গতিশীলতা বাড়াতে ওয়ার্ড থেকে বিভাগ পর্যন্ত পর্যায়ক্রমে যোগ্য নেতৃত্ব গড়ে তোলা হচ্ছে; তবে নেতৃত্ব পরিবর্তন হলেও দলের নীতি, আদর্শ ও কর্মসূচিতে কোনো দুর্বলতা আসবে না। তিনি প্রতিপক্ষের অপপ্রচারের জবাব নীতি ও নৈতিকতার মাধ্যমে দিয়ে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথি ও অন্যান্য বক্তাদের বক্তব্য
বিশেষ অতিথি হিসেবে পৌরসভা জামায়াতের নবনির্বাচিত আমীর মাওলানা এবিএম হেলাল উদ্দিন নামাজের পাশাপাশি প্রতিদিন কোরআন তিলাওয়াত ও নিয়মিত ইসলামী বই-পত্রিকা অধ্যয়নের ওপর গুরুত্বারোপ করেন। আরেক বিশেষ অতিথি নবনির্বাচিত সেক্রেটারি মাওলানা ইয়াকুব হোসাইন দায়িত্বের পরিধি আরও বিস্তৃত হওয়ার কথা উল্লেখ করে দলীয় বৈঠকে উপস্থিতি বাড়ানো ও সর্বস্তরের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন ৮ নম্বর ওয়ার্ড আমীর আব্দুল আলিম, ৯ নম্বর ওয়ার্ড আমীর ইব্রাহিম জসিম, ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি ও কাউন্সিলর গোলাম সরোয়ার সুজন, ডা. মাইনুল হুদা, মঞ্জু এবং আবদুর রহিম। বক্তারা ঘরে ঘরে সংগঠনের দাওয়াত পৌঁছে দেওয়া ও সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।