মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও খেলাধুলার মাধ্যমে তাদের মানসিক বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
”শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বিকেলে উপজেলার বড়ভিটা উচ্চ বিদ্যালয় মাঠে উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) আয়োজনে, অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এবং উইমেন ইনিশিয়েটিভ ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলআরপি-৫২)-এর বাস্তবায়নে এই ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।
মাঠের লড়াই ও ফাইনালের ফলাফল
বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত প্রথম ফাইনালে বালিকা বিভাগে মুখোমুখি হয় বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয় ফুটবল দল এবং উত্তর শিমুলবাড়ি উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় উত্তর শিমুলবাড়ি উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয় ফুটবল দল জয়লাভ করে।

এরপর বিকেল সাড় চারটায় বালক বিভাগের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে বড়ভিটা উচ্চ বিদ্যালয় বালক ফুটবল দল এবং শিমুলবাড়ি মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় বালক ফুটবল দল। এই ম্যাচে বড়ভিটা উচ্চ বিদ্যালয় বালক দল ২-০ গোলের চমৎকার জয় তুলে নেয়। চমৎকার খেলা উপহার দেওয়ায় মাঠে উপস্থিত বিপুলসংখ্যক দর্শক করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
অতিথিদের উপস্থিতি ও গুরুত্বারোপ
পুরস্কার বিতরণী ও সমাপনী পর্বে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মজিবর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, শিমুলবাড়ি মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা বেগম, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর) এবং উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলামসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধিরা।
সংশ্লিষ্ট অতিথিরা আশা প্রকাশ করে বলেন, শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে এ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা কোমলমতি শিশুদের খেলাধুলায় উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও দলগত চেতনা বিকাশে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।