মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি সুপার মার্কেট থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় ৯ ভরি স্বর্ণালংকারসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপারের সংবাদ সম্মেলন
রোববার (১১ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি মাইজদীর একটি সুপার মার্কেটের একটি স্বর্ণের দোকানে হানা দিয়ে ১২৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চোরচক্র।
অভিযান ও উদ্ধার
পুলিশ সুপার বলেন, চুরির ঘটনার পরপরই জেলা পুলিশের একাধিক টিম তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে ৯ ভরি স্বর্ণ উদ্ধার করা সম্ভব হয়েছে।
আইনি পদক্ষেপ
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সুপার আরও জানান, চুরি হওয়া বাকি স্বর্ণালংকার উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার কাজ চলছে।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই বড় চুরির ঘটনার হোতাদের গ্রেফতারে পুলিশের এই সাফল্যে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।
