মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ড এর রাষ্ট্রদূত ইউরিস ভান বোমেল এবং রাজনীতি ও জনকূটনীতি বিষয়ক উপদেষ্টা লুবাইন চৌধুরী মাসুম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন।
এ সময় অতিথিদের স্বাগত জানান জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক সেল এর প্রধান ও নোয়াখালী -২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে দলটির মনোনীত প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া।
আলোচনার বিষয়বস্তু
বৈঠকে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত নতুন বাংলাদেশ নিয়ে এনসিপির আন্তর্জাতিক, অর্থনৈতিক ও অন্যান্য পরিকল্পনা সম্পর্কে জানতে চান। আলাপ হয় সমসাময়িক রাজনীতি ও আসন্ন নির্বাচনের পরিস্থিতি নিয়ে।
বাংলাদেশ ও নেদারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আগামীর সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। রাষ্ট্রদূত ইউরিস ভান বোমেল বাংলাদেশের গণতান্ত্রিক পট পরিবর্তনে এনসিপির জোরালো ভূমিকার প্রশংসা করেন এবং শুভকামনা ব্যক্ত করেন।
এ সময় বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব নাভিদ নওরোজ শাহ।
