নিউ জার্সিতে মেয়র পদপ্রার্থী আখতারুজ্জামান ফয়ছলের নির্বাচনী প্রচারণার জমকালো সূচনা

তারেক আনোয়ার খান

গত ২৮ মার্চ, শনিবার সন্ধ্যায় নিউ জার্সির পেটারসনস্থ ফায়ারম্যান হলে উৎসবমুখর পরিবেশে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ আখতারুজ্জামান ফয়ছলের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। দক্ষিণ সুরমা কল্যাণ সমিতির সার্বিক উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বাঙালি কমিউনিটিসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের ঢল নামে।

প্রবীণ মুরব্বি মোশাররফ আলমের সভাপতিত্বে আলোচনা সভা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বি জনাব মোশাররফ আলম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও বেঙ্গল ইন্সুইরেন্সের স্বত্বাধিকারী হোসেন পাঠান বাচ্চু। অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরেন। বক্তারা তাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে মেয়র পদপ্রার্থী আখতারুজ্জামান ফয়ছলের দৃষ্টি আকর্ষণ করেন।

[বিস্তারিত ভিডিওতে দেখুন: অনুষ্ঠানের বিশেষ মুহূর্তগুলো]

মেয়র প্রার্থীর সংহতি ও প্রতিশ্রুতি

বিপুলসংখ্যক জনতার হর্ষধ্বনির মধ্যে মোহাম্মদ আখতারুজ্জামান ফয়ছল তার প্রাণবন্ত বক্তব্যে উপস্থিত সবার নায্য দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে নাগরিক সমস্যাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে দিকনির্দেশনামূলক ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি আবেগাপ্লুত কণ্ঠে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং জয়ী হওয়ার পরেও অর্পিত দায়িত্ব পালনে সবার অব্যাহত পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করেন।

“সব দেখছি বারবার, প্রার্থী ফয়ছল এইবার” স্লোগানে মুখরিত হলরুম

অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত জনতার মুহুর্মুহু করতালিতে এক অভূতপূর্ব পরিবেশের সৃষ্টি হয়। হলজুড়ে প্রতিধ্বনিত হতে থাকে জনপ্রিয় স্লোগান— “সব দেখছি বারবার, প্রার্থী ফয়ছল এইবার।” উপস্থিত সাধারণ মানুষের এই অকুণ্ঠ সমর্থন উপস্থিত সুধীবৃন্দকে মুগ্ধ করে।

ঐক্যবদ্ধ প্রচেষ্টার অঙ্গীকার

বক্তারা অভিমত ব্যক্ত করেন যে, এবারের নির্বাচন মর্যাদা ও অস্তিত্ব রক্ষার লড়াই। আর কোনো বিভেদ বা অনৈক্যে না জড়িয়ে ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে লক্ষ্য অর্জনের অঙ্গীকার করেন উপস্থিত সকলে। উৎসবমুখর এই আয়োজনটি একটি প্রীতিভোজের (ডিনার) মাধ্যমে সফলভাবে সমাপ্ত হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *