নরসিংদীতে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করল ছেলে; বাধা দিতে গিয়ে রক্তাক্ত মা ও ভাই

​সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে পারিবারিক ঘরে ঘুমন্ত অবস্থায় নিজ বাবাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যার এক নৃশংস ঘটনা ঘটেছে। এ সময় ঘাতক সন্তানকে বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন মা ও ছোট ভাই।

​আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভরতেরকান্দি (পূর্ব পাড়া) গ্রামে নিজ বসতবাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহত গৃহকর্তার নাম আব্দুল বাছেদ মিয়া (৬৫)। তিনি ভরতেরকান্দি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে পেশায় রাজমিস্ত্রি শাকিল চৌধুরী (৩৫) বাড়ি থেকে পালিয়ে যায়।

​ঘুমের ঘোরে অতর্কিত হামলা

​নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শাকিলের সঙ্গে পরিবারের আগে থেকে দৃশ্যমান কোনো বিরোধ বা কোলহ ছিল না। বৃহস্পতিবার রাতে পিতা ও পুত্র স্বাভাবিকভাবেই একই কক্ষে ঘুমাতে যান।

​শুক্রবার ভোরে হঠাৎ ওই ঘর থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ পেয়ে পাশের কক্ষে থাকা মা সখিনা বেগম ও ছোট ভাই নুরুন্নবী রাশেদ দ্রুত ছুটে যান। কক্ষে ঢুকে তারা দেখতে পান শাকিল ধারালো ছুরি দিয়ে তার বাবার পেটে উপর্যুপরি আঘাত করছে।

​এ সময় মা ও ভাই তাকে নিরস্ত করতে ও বাঁচাতে এগিয়ে গেলে ঘাতক শাকিল তাদের ওপরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পেটে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুল বাছেদ।

​পুলিশের পদক্ষেপ ও তদন্ত

​খবর পেয়ে সকালে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান—

​”পারিবারিক ঘরে নিজ ছেলের হাতে বাবা নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার এবং এ হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটনে পুলিশের টিম কাজ করছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Leave a Comment