নরসিংদীতে ‘ইত্যাদি’র শুটিং স্পটে চরম বিশৃঙ্খলা: সাংবাদিকসহ অনেকের মোবাইল চুরি, আহত ২০

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা

নরসিংদীর রায়পুরায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি”-র ধারণ অনুষ্ঠান চলাকালে ব্যাপক বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতা ও অব্যবস্থাপনার ঘটনা ঘটেছে। গেটে তীব্র ঠেলাঠেলির কারণে নারী-শিশুসহ অন্তত ২০ জন দর্শক আহত হয়েছেন। একই সাথে সংবাদ সংগ্রহে যাওয়া সাত সাংবাদিকসহ অর্ধশতাধিক দর্শকের মোবাইল ফোন চুরির হিড়িক পড়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২০ মে ২০২৬) সন্ধ্যায় উপজেলার রামনগর হাই স্কুল মাঠ সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্হাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

অব্যবস্থাপনা ও গণহারে মোবাইল চুরি

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য আমন্ত্রিত অতিথিদের পাসের ব্যবস্থা থাকলেও কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় প্রধান ফটকে চরম হট্টগোল সৃষ্টি হয়। প্রায় তিন হাজার আসনের বিপরীতে পাস ছাড়া আরও কয়েক হাজার বহিরাগত ব্যক্তি পাঁচিল টপকে ভেতরে প্রবেশ করে। এই সুযোগে একটি সংঘবদ্ধ পকেটমার চক্র দর্শকদের পকেট ও ভ্যানিটি ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন হাতিয়ে নেয়।

এই বিশৃঙ্খলার মধ্যে সংবাদ সংগ্রহ করতে যাওয়া ইনডিপেনডেন্ট টেলিভিশন, দীপ্ত টিভি, ইভিনিং নিউজ, দৈনিক আমার দেশ, ভোরের ডাক ও প্রতিদিনের সংবাদসহ বিভিন্ন গণমাধ্যমের অন্তত ৭ জন কর্মরত সাংবাদিক এবং জেলা প্রশাসনের এক কর্মচারীর দামি স্মার্টফোন চুরি হয়। অব্যবস্থাপনার ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে অনেক আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

পুলিশের বক্তব্য ও পদক্ষেপ

ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন বলেন, “ফটক দিয়ে ঢোকার সময় ব্যাপক হট্টগোলের মধ্যে আমার মোবাইলটি চুরি হয়। তাৎক্ষণিক পুলিশকে জানালে সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই মাত্র এক ঘণ্টার মধ্যে আরও অন্তত ৪৫ জন দর্শক তাঁদের মোবাইল চুরির কথা অবহিত করেন। কিন্তু পুলিশকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখা যায়নি।”

এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার (এসপি) عبدالله আল-ফারুক বলেন, “অনুষ্ঠান উপভোগের জন্য বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দর্শক এসেছেন, এর মধ্যে হয়তো কিছু চোরও ভিড়ের ভেতর ঢুকে পড়েছে। মুঠোফোন খোয়া যাওয়ার বিষয়টি আমরা জেনেছি। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ (জিডি) করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় সেগুলো উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *