দুই যুগ ধরে সংস্কারহীন পশ্চিম তারতাপাড়া আশ্রয়ণ কেন্দ্র: বর্ষার আগে আতঙ্কে দেড় শতাধিক পরিবার

আনিছুর রহমান আইয়ুব, মাদারগঞ্জ (জামালপুর),প্রতিনিধি

নিশ্চিন্তে মাথা গোঁজার ঠাঁই হওয়ার কথা থাকলেও জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পশ্চিম তারতাপাড়া আশ্রয়ণ কেন্দ্রটি এখন বাসিন্দাদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ ২৪ বছর ধরে সংস্কারের কোনো ছোঁয়া না লাগায় কালবৈশাখী ও আসন্ন বর্ষার মৌসুমে চরম প্রাণঝুঁকি নিয়ে দিনাতিপাত করছেন এখানকার দেড় শতাধিক ভূমিহীন পরিবার।

জরাজীর্ণ দশা ও বাসিন্দাদের হাহাকার

সরেজমিনে দেখা গেছে, ২০০০-২০০২ সালের দিকে নির্মিত এই আশ্রয়ণ কেন্দ্রের টিনশেড ঘরগুলোর চাল ও বেড়ার টিন মরিচা ধরে সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি পড়ে আসবাবপত্র ও বিছানা ভিজে যায়। নড়বড়ে খুঁটি আর খসে পড়া বেড়ার কারণে ঝড়-বৃষ্টির রাতে ১৫০টি পরিবারের প্রায় ৭০০ মানুষ চরম আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন।

আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দারা জানান, ভূমিহীন হওয়ায় মাথা গোঁজার আর কোনো বিকল্প তাদের নেই। বর্ষার প্রকোপ বাড়ার আগেই ঘরগুলো সংস্কারের দাবিতে গত রবিবার (১০ মে ২০২৬) মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর তারা লিখিত আবেদন জানিয়েছেন। ভুক্তভোগীদের দাবি, সরকারি উদ্যোগে দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

প্রশাসনের বক্তব্য

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন চৌধুরী বলেন, “প্রকল্পের ঘরগুলোর জমি যেহেতু মালিকদের নামে হস্তান্তর করা হয়েছে, তাই প্রাথমিকভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদেরই। তবে তারা যদি সংস্কারে একেবারেই অপারগ হন, সেক্ষেত্রে প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”

মানবিক সহায়তার আবেদন

মাদারগঞ্জ এ এইচ জেড কলেজের সাবেক ভিপি ও স্থানীয় বিএনপি নেতা জিল্লুর রহমান জানান, এই অসহায় ও হতদরিদ্র বাসিন্দাদের পক্ষে নিজেদের খরচে ঘর মেরামত করা অসম্ভব। তাই আসন্ন বর্ষার আগেই সরকারি বিশেষ বরাদ্দের মাধ্যমে যেন দ্রুত এই আশ্রয়ণ কেন্দ্রটি সংস্কার করা হয়।

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি এই বিশাল প্রকল্পটি রক্ষা এবং ১৫০টি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সংস্কার কার্যক্রম শুরু করা জরুরি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *