তারেক জিয়ার নেতৃত্বে তারুণ্যের বিপ্লব ঘটবে: মো. ফখরুল ইসলাম

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে এবারের জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের বিপ্লব ঘটবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৫ আসনে দলের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলাম

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বসুরহাট মেট্রো টাওয়ারে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা যুবদলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মো. ফখরুল ইসলাম বলেন, “১৭ বছর পর দেশের মানুষ গণতন্ত্র রক্ষায় নির্বিঘ্নে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। আমাদের মাঠ পর্যায়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। অন্যথায় এ দেশের গণতন্ত্র নস্যাৎ হয়ে যেতে পারে।”

তিনি আরও বলেন, “বর্তমান সময় তারুণ্যের জোয়ার। তরুণরাই এ দেশের ভবিষ্যৎ। আমাদের নেতা তারেক রহমান তরুণদের মতামতের প্রতি জোর দিয়েছেন। আমরা মনে করি আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে তারুণ্যের বিপ্লব ঘটবে।”

ফখরুল ইসলাম জানান, নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা এবং সদরের দুটি ইউনিয়নে ১৫৫টি ভোটকেন্দ্রে ধানের শীষের কমিটি গঠন চলছে। তিনি আশা প্রকাশ করেন, যুবদলের সক্রিয় কর্মীরা এ ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, নির্বাচনী মাঠে প্রতিপক্ষসহ কারও সঙ্গে বৈরিতা নয়, বরং সৌহার্দপূর্ণ আচরণের মাধ্যমে ভোটারদের মন জয় করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে। কোথাও কোনো অপ্রীতিকর কিছু দেখলে দলের নেতৃবৃন্দসহ প্রশাসনের নজরে আনার জন্য তিনি আহ্বান জানান।

কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভার বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুর রহমান রাজন, যুগ্ম-আহ্বায়ক সালাহ উদ্দিন সুমন প্রমুখ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *