তরুণদের ভাবনায় নতুন বাংলাদেশ গড়বে সরকার: সচিব জাহেদী

বাকৃবিতে জাতীয় নীতি প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার প্রদান

স্টাফ রিপোর্টার:

দেশের মেধাবী তরুণদের ভাবনায় আগামীদিনের সমৃদ্ধশালী ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫-এর চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী এই মন্তব্য করেন।

‘কৃষি, নদী ও উন্নয়নের গতিপথ: বঙ্গীয় বদ্বীপের পুনরাবিষ্কার’ বিষয়ক এই প্রতিযোগিতার আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যা ছিল নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব’ এবং জুলাই বিদ্রোহের প্রথম বার্ষিকী উদযাপনের অংশ।

সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে টেকসই উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে উন্নত প্রযুক্তিনির্ভর গবেষণা অতীব প্রয়োজন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনভিত্তিক গবেষণায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাকৃবি ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিষয়ে ভিত্তিক নীতির চূড়ান্ত রাউন্ডে ৫টি দল তাদের উদ্ভাবিত নীতিমালা উপস্থাপন করে। শেষে কৃষি, পানি ও উন্নয়নের পথ বিষয়ক গবেষণায় তিনটি বিজয়ী দলকে নগদ অর্থ, ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।

সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী পরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্র পরিদর্শন করেন এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা বিষয়ক অংশীজনদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *