জ্বালানি তেল মজুত ও অবৈধ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জ্বালানি তেল মজুত ও অবৈধভাবে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তিন ব্যবসায়ীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।
অভিযান ও জরিমানার বিবরণ
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ওছখালী বাজারে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে শাহীন নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ডিজেল জব্দ ও দোকান সিলগালা
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি টমটম গাড়ি থেকে ১২ ড্রাম অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। চরকিং এলাকার শাহেদ নামে এক ব্যবসায়ী কালোবাজারির উদ্দেশ্যে এই তেল পরিবহন করছিলেন বলে জানা গেছে। এ বিষয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এছাড়া চরচেঙ্গা বাজারে ওসমান গনি নামে এক ব্যবসায়ীর দোকানে অবৈধভাবে তেল বিক্রির প্রমাণ পাওয়ায় দোকানটি সিলগালা করে দিয়েছে প্রশাসন। অভিযানের সময় অভিযুক্ত দোকানদার পালিয়ে যাওয়ায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে নির্দেশ দেওয়া হয়েছে।
ইউএনও-র বক্তব্য
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, জব্দকৃত ডিজেল সংক্রান্ত বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, “জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি, কালোবাজারি ও অবৈধ মজুত প্রতিরোধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”
স্থানীয় প্রশাসনের এই সাহসী উদ্যোগকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে এবং বাজারে তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছে।
