জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত; সচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের মহড়া
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দিবসটি পালন করা হয়।
র্যালি ও আলোচনা সভা
দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাছারী মাঠে এসে মিলিত হয়। সেখানে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প মোকাবিলায় মহড়া
আলোচনা সভা শেষে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পক্ষ থেকে এক বাস্তবধর্মী মহড়া প্রদর্শিত হয়। এতে অগ্নিকাণ্ড এবং ভূমিকম্পের সময় সাধারণ মানুষের করণীয় ও জীবন রক্ষার কৌশলগুলো হাতে-কলমে দেখানো হয়।

প্রশাসনের বক্তব্য ও উপস্থিতি
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আকতার, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সিরাজউদ্দৌলা এবং ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত সাব-অফিসার মনজুরুল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন:
- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন।
- আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীমা আক্তার।
- বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান।
- উপজেলা বিএনপি’র সাবেক নেতা লোকমান হোসেন সরকার।
- ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা প্রকল্প ব্যবস্থাপক মো. ছাবেদ আলী প্রমুখ।
