
মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকানঘর ও ভেতরের মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। গত রোববার (২২ নভেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে দুটি দোকানঘরের পাশাপাশি সেখানে মজুদ থাকা তুলা, কাপড়, সুতা, লেপ-তোশক এবং এসব সামগ্রী তৈরির মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী হলেন খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের রানীচাপুর গ্রামের মহাজ উদ্দিনের ছেলে রবিউল মিয়া এবং সুরুজ আলী মিয়ার ছেলে ফিরোজ মিয়া।
ব্যবসায়ী রবিউল মিয়া জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তিনি জানেন না। রাস্তা দিয়ে যাওয়ার সময় গুদামে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তালা খুলে ভেতরে আগুন জ্বলতে দেখেন। তাঁর গুদামে থাকা প্রায় ১২০ বস্তা তুলা, ১৫০ বান্ডিল কাপড় এবং লেপ-তোশক তৈরির মেশিন পুড়ে যায়। এতে তাঁর প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
রবিউল মিয়া আরও জানান, আগুন ছড়িয়ে পড়ে পাশের ব্যবসায়ী ফিরোজ মিয়ার দোকানেও। এতে ফিরোজের দোকানের তুলা, মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। ফিরোজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে রবিউলের দাবি, ফিরোজ মিয়ার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়দের ধারণা, দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং বিড়ি-সিগারেটের জ্বলন্ত অংশ থেকে আগুন লেগে থাকতে পারে। প্রাথমিকভাবে ফিরোজ মিয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
লেপসিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান এবং সার্বিক নিরাপত্তা জোরদার করেন। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্ট, বিএনপি নেতা মো. ইদ্রিস আলী মোল্লা, তরিকুজ্জামান তরু ও জিয়া উদ্দিন জিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ। তাঁরা জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরকে অবহিত করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান জানান, নেত্রকোনা জেলা কার্যালয়ে সভা থাকায় তিনি ঘটনাস্থলে যেতে পারেননি। তবে অগ্নিকাণ্ডে দুটি দোকানঘর ও মালামাল পুড়ে যাওয়ার খবর তিনি পেয়েছেন। বিষয়টি পর্যবেক্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে সরকারি সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করা হবে।