খালিয়াজুড়িতে স্কুল ছাদের প্লাস্টার ধসে ২ শিক্ষার্থী আহত, ক্লাস বন্ধ ঘোষণা
মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দোতলা ভবনের ছাদের প্লাস্টার ধসে দুই শিক্ষার্থী আহত হয়েছে। রোববার (১৯ এপ্রিল ২০২৬) সকাল ১১টার দিকে ক্লাস চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। এর ফলে শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
যেভাবে ঘটলো দুর্ঘটনা
বিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার সকালে দোতলা ভবনের বিজ্ঞানাগার কক্ষে দশম শ্রেণির পাঠদান করছিলেন সহকারী শিক্ষক মোহাম্মদ শামসুল ইসলাম। এসময় হঠাৎ ছাদের বিশাল একখন্ড প্লাস্টার খসে পড়ে। এতে শিক্ষার্থী জয় সরকার ও মোবাশ্বের হোসেন আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।
ঝুঁকিপূর্ণ ভবন ও কর্তৃপক্ষের বক্তব্য
১৯৭৮ সালে স্থাপিত এই বিদ্যালয়ের দোতলা ভবনটি ১৯৯২ সালে নির্মিত হয়। প্রধান শিক্ষক আমিনুল ইসলাম জানান, “দুইবার সংস্কার করা হলেও বর্তমানে ভবনটি প্রায় পরিত্যক্ত। বিজ্ঞানাগার কক্ষের পাঠদান বন্ধ করা হয়েছে, তবে অন্যান্য কক্ষগুলোও চরম ঝুঁকিতে আছে। আমরা শিক্ষক-শিক্ষার্থী সবাই এখন আতঙ্কে দিন কাটাচ্ছি। দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাব।”
খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নাদির হোসেন শামীম বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আহতদের চিকিৎসার দায়িত্ব নিতে প্রধান শিক্ষককে বলেছি এবং ওই কক্ষটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। দ্রুত বিদ্যালয় পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শফিকুল বারী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ভবনটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর ক্ষোভ
দুর্ঘটনার খবর পেয়ে বিদ্যালয় পরিদর্শনে আসেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন তালুকদার, অভিভাবক সদস্য আলী হোসেন চৌধুরী পিন্টু, স্থানীয় মাদ্রাসা সুপার মাওলানা মোঃ হারুন অর রশীদ ও এলাকাবাসী। জরাজীর্ণ ভবনে পাঠদান নিয়ে তারা গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব আলমসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ।
