মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চরফকিরা ইউনিয়নের এলাহী রোডের ব্রিজ এলাকায় এ অভিযানে মোট ২ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বালু উত্তোলনে জড়িত দুজনকে ১ লক্ষ ২৫ হাজার টাকা এবং অবৈধ বালু পরিবহনের দায়ে দুটি ড্রাম ট্রাককে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে ৪টি বড় ও ২টি ছোট এক্সকেভেটর এবং মোট ৭টি ড্রাম ট্রাক ও মাটি কাটার ট্রাক জব্দ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বারবার অভিযান চালালেও ‘অদৃশ্য শক্তির’ খুঁটির জোরে বালু দস্যুরা পুনরায় সক্রিয় হয়ে উঠছে।
