কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় বিজিবির বিশেষ অভিযানে গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) পরিচালিত এই অভিযানে উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ ২৯ হাজার ৮৯৫ টাকা।
অভিযানের বিবরণ ও উদ্ধারকৃত পণ্য রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানায়, সদর দপ্তরের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী পরিচালিত এসব অভিযানে চোরাপথে আসা গাঁজা, গবাদিপশু, জিরা, বিভিন্ন প্রকার বীজ এবং বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়।
বিজিবির কঠোর অবস্থান কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্ত এলাকায় মাদক, জালনোট ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনা করে আসছে। তিনি বলেন, “সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের মাধ্যমে মাদক ও চোরাচালান দমন এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
