কলমাকান্দায় ভারতীয় জিরাসহ চোরাচালান পণ্য উদ্ধার, নারী আটক
মো: ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে আমদানিনিষিদ্ধ ভারতীয় জিরাসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নবীজা (৪০) নামের এক নারীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ মে ২০২৬) ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রংছাতি ইউনিয়নের হাসানোয়াগাঁও এলাকায় অভিযান চালানো হয়। সেখানে নবীজার বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধ পণ্যগুলো উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে কয়েকজন চোরাকারবারি পালিয়ে যায়। পরে আটক নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার আরেকটি বাড়িতে অভিযান চালিয়ে আরও কিছু চোরাচালান পণ্য উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় কলমাকান্দা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আটক নারীকে বৃহস্পতিবার দুপুরে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বলেন, “মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। অপরাধ দমনে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।” পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
