ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভায় মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন; সুধীজনদের সাথে সাক্ষাৎ
শাহ আলম, (ঘোড়াঘাট), দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন।
সভার কার্যক্রম ও সভাপতিত্ব
ঘোড়াঘাট পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল আল মামুন কাওসার শেখের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং জনসেবায় কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে উপস্থিত সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
বিশেষ অতিথিবর্গের বক্তব্য
সভায় আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আবদুস সাত্তার মিলন। এ সময় ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম এবং আল মামুন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
উপস্থিতিবৃন্দ
অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী, সহযোগী সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য সুধীজন সভায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
