
হাফিজ লিটন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা এবং জেন্ডারভিত্তিক সহিংসতামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরের ইসলামপুরে শুরু হয়েছে ১৬ দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ইসলামপুর জেসমিন প্রকল্প কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জাতিসংঘের উদ্যোগে বিশ্বব্যাপী পালিত এ কর্মসূচিতে ১৮০টির বেশি দেশের ছয় হাজারেরও বেশি সামাজিক ও উন্নয়ন সংস্থা অংশ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া সরকারের অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (এএনসিপি) সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের যৌথ বাস্তবায়নে পরিচালিত ‘জেসমিন’ প্রকল্পের মাধ্যমে ইসলামপুরে এ আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী দিনে জেসমিন প্রকল্প কার্যালয়ে ‘অফিস অরেঞ্জ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পুরো কার্যালয় কমলা রঙে সাজানো হয়। পাশাপাশি নারী-পুরুষের সমতা ও অধিকার প্রতিষ্ঠা বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা এবং প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ পরিবেশ তৈরি এবং পরিবার, সমাজ ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগে বৈষম্য দূর করতে সবাইকে উৎসাহিত করাই ১৬ দিনব্যাপী এ কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানা, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রবিউল আউয়াল, আবিদ হাসান, রাশিদুল হাসান, আব্দুস সামাদ ও মো. খলিল উল্লাহ, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার জহিরুল ইসলাম, অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার আনিছুর রহমান এবং জেন্ডার, ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার মাহমুদুল হাসানসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের ধারাবাহিক উদ্যোগ সামাজিক সচেতনতা বাড়াতে এবং সমতাভিত্তিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।