ইসরায়েলকে নিষিদ্ধ করতে উয়েফাকে চিঠি, বার্সেলোনায় বিক্ষোভ
আল-জাজিরা।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি নৌযানে আরোহীরা হাত উঁচিয়ে আছেন। তাঁদের দিকে বন্দুক তাক করেছেন এক ইসরায়েলি সেনা। গতকাল ভূমধ্যসাগরে গাজা অভিমুখে যাত্রাপথেছবি: রয়টার্স।
গাজা অভিমুখে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি সেনাদের হামলার প্রতিবাদে স্পেনের বার্সেলোনা শহরের রাস্তায় বিক্ষোভ হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, ফ্লোটিলার নৌবহরে ইসরায়েলের সামরিক অভিযান এবং শত শত অধিকারকর্মীকে আটক করার প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
উয়েফাকে আইন বিশেষজ্ঞদের চিঠি
এদিকে, ইসরায়েল ও তাদের ক্লাবগুলোকে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা-এর সব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন ৩০ জনের বেশি আইন বিশেষজ্ঞ। গাজায় ইসরায়েলের চালানো নৃশংসতার প্রতিবাদে এমন পদক্ষেপ নিতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার উয়েফার সভাপতি আলেক্সান্দার সেফেরিন বরাবর একটি চিঠি লিখেছেন ওই আইন বিশেষজ্ঞরা।
- জাতিসংঘের প্রতিবেদন: চিঠিতে জাতিসংঘের তদন্তকারীদের তৈরি করা সাম্প্রতিক একটি প্রতিবেদনের প্রসঙ্গ টানা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যে জাতিগত নিধন চালাচ্ছে, তা ইতিমধ্যেই নিশ্চিত।
- বিশেষজ্ঞদের দাবি: এই পরিস্থিতি বিবেচনা করে ইসরায়েলকে উয়েফা থেকে নিষিদ্ধ করা এখন ‘অপরিহার্য’ বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
