নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন পর পৈতৃক ভিটা বগুড়ায় ফিরে আবেগাপ্লুত কণ্ঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমি আপনাদের ঘরের সন্তান তারেক বলছি। বহু বছর পর আপনাদের এলাকায় এসেছি। আগে যখন আসতাম, এলাকা ঘুরে আপনাদের সাথে কথা বলতাম, কাজ দেখতাম। আমি আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি।”
আজ শনিবার বগুড়া থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর এবং শেরপুর শহরের ধুনট মোড়ে আয়োজিত পৃথক দুটি পথসভায় তিনি এসব কথা বলেন।
শাজাহানপুরে নির্বাচনী বার্তা
বগুড়া-৭ আসনে (গাবতলী-শাজাহানপুর) ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টনের সমর্থনে আয়োজিত পথসভায় তারেক রহমান বলেন, “আপনাদের এলাকার উন্নয়ন ও মানুষের দুঃখ-কষ্ট দেখার জন্য আমি মিল্টনকে দায়িত্ব দিয়ে গেলাম। ইনশা আল্লাহ ১২ তারিখের নির্বাচনে আপনারা ধানের শীষকে জয়যুক্ত করবেন।” এসময় উপস্থিত জনতা হাত তুলে তাঁর আহ্বানে সাড়া দেন।
উল্লেখ্য, বগুড়া-৭ আসনটি বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত। তাঁর মৃত্যুজনিত কারণে এবার এই আসনে লড়ছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন।

শেরপুরে ধানের শীষের পক্ষে জোয়ার
বেলা দেড়টার দিকে শেরপুরের ধুনট মোড়ে অন্য এক পথসভায় বগুড়া-৫ আসনের প্রার্থী গোলাম মো. সিরাজের জন্য ভোট প্রার্থনা করেন তারেক রহমান। তিনি বলেন, “শেরপুর-ধুনটবাসী সবসময় ধানের শীষের পাশে থেকেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও সিরাজ সাহেবকে জয়যুক্ত করার অনুরোধ করছি। নির্বাচনের পর ইনশা আল্লাহ আবার আপনাদের মাঝে ফিরে আসব।”
‘বগুড়া বিএনপির ঘাঁটি’
পথসভার আগে সকালে বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে স্থানীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তারেক রহমান বলেন, “বগুড়া বিএনপির ঘাঁটি। এই ঘাঁটির এবং জনগণের দায়িত্ব আমি আপনাদের হাতে সঁপে দিয়ে গেলাম। আপনারা এই দুর্গকে আগলে রাখবেন।”
পথসভা শেষে তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন, যেখানে তিনি একটি বিশাল নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বলে নির্ধারিত রয়েছে।
