আখতারকে ডিম ছোড়ার ঘটনায় আটক যুবলীগ কর্মী মিজানুর
প্রতিনিধি
নিউইয়র্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২: ২৬

জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে আটক করা হয় যুবলীগ কর্মী মিজানুর রহমানকেছবি: তোফাজ্জল হোসেন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনার পর যুবলীগ কর্মী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে এক বিএনপিকর্মীকে ছুরি দিয়ে মারার অভিযোগ রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন নিউইয়র্কে পৌঁছান।
ঘটনার বিবরণ ও আটক
স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৫টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবলীগ কর্মী মিজানুর রহমান এই কাজটি করেন। এ সময় বিমানবন্দরে আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সুলাইমান হক জানান, বিএনপি সমর্থিত একজন ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেছেন যে মিজানুর রহমান তাকে ছুরি দিয়ে মারতে এসেছেন। এই অভিযোগের ভিত্তিতে নিউইয়র্ক পুলিশ মিজানুরকে আটক করে।
আটক করার পর মিজানুর রহমান এবং তার সঙ্গে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) সূত্র জানায়, মিজানুরকে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে আটক করা হয়েছে এবং তাকে রাতটি হাজতে কাটাতে হবে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে।
