আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি জনগণকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে: নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ

স্টাফ রিপোর্টার , নান্দাইল (ময়মনসিংহ)

আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ছেড়ে না দিয়ে পুলিশকে সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

​গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত প্রয়াস

​প্রতিমন্ত্রী বলেন, দেশের বাস্তবতায় পুলিশের সীমিত জনবল ও সম্পদের বিষয়টি বিবেচনায় নিয়ে জনগণকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগী ভূমিকা পালন করতে হবে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সম্ভাব্য নাশকতা প্রতিরোধে স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নে বাজার ও সরকারি স্থাপনায় সতর্কতা জোরদার করার কথা জানান তিনি।

​মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ধারাবাহিক অভিযান পরিচালনা করা প্রয়োজন। মাদক নির্মূলে আন্তঃজেলা সমন্বয়ের ওপর জোর দিয়ে তিনি জানান, সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক কারবারিদের দৌরাত্ম্য বন্ধে সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বিত কার্যক্রম চালু করতে হবে। একই সাথে তথ্যদাতাদের পরিচয় ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে বন্ধ বা অচল সিসিটিভি ক্যামেরাগুলো দ্রুত সচল করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

তথ্য মন্ত্রণালয়ের আধুনিকায়ন ও গুজব প্রতিরোধ

​তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উদ্যোগসমূহ তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) আধুনিক, জনবান্ধব ও কার্যকর গণমাধ্যম হিসেবে গড়ে তোলার কাজ চলছে। জাতীয় সংসদে বিরোধী দলের বক্তব্য সম্প্রচারসহ সম্প্রচার নীতিমালায় দৃশ্যমান পরিবর্তন আনা হয়েছে। এছাড়া সরকারের কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক তথ্য প্রচারে ডিজিটাল বিলবোর্ড ও প্ল্যাটফর্ম ব্যবহার বাড়ানো হবে।

​সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, যেকোনো তথ্য প্রচারের আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি, যাতে কোনো বিভ্রান্তি থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও উপস্থিতি

​আইনশৃঙ্খলা সভা শেষে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধমূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী। পরে তিনি নান্দাইলের স্থানীয় বাজারে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র (লিফলেট) বিতরণ করেন এবং সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান।

​নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত-এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় সার্কেল এসপি দেবাশীষ কর্মকার, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজাহারুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।