হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু; দুই সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মো: হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় পাঙ্গাশিয়া হাওরে বজ্রপাতে সুধীন সরকার (৪০) নামে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার চাকুয়া ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
যেভাবে ঘটলো দুর্ঘটনা
নিহত সুধীন সরকার চাকুয়া খালের পাড় গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সুধীন নিজ এলাকার পাঙ্গাশিয়া হাওরে গরু চরাতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা তাঁকে উদ্ধার করে দ্রুত খালিয়াজুড়ি উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহমুদা আক্তার মুনমুন তাঁকে মৃত ঘোষণা করেন।
শোকাতুর পরিবারের আহাজারি
সুধীন সরকারের মৃত্যুতে তাঁর পরিবারে চলছে শোকের মাতম। নিহতের স্ত্রী মনোষা রাণী সরকার দুই শিশু কন্যা সসতিকা রাণী সরকার (১২) ও কিরণ রাণী সরকারকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। হাসপাতালে আহাজারি করতে করতে তিনি বলেন, “এখন আমাদের কী উপায় হবে? কে দেখবে আমাদের? ভগবান একি তোমার বিচার? তুমি আমাকেও নিয়ে যাও।”
অল্প বয়সেই বাবাকে হারিয়ে দুই শিশু সন্তানের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। এই ঘটনায় চাকুয়া খালের পাড় গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
