সেনবাগে চিলাদি–তেমুহনী–ছাতারপাইয়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলার দীর্ঘদিনের অবহেলিত চিলাদি–তেমুহনী বাজার–ছাতারপাইয়া বাজার সড়কের দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা।
মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার ছাতারপাইয়া বাজারে চিলাদি–তেমুহনী বাজার–ছাতারপাইয়া সড়কের প্রবেশমুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়কটি চরম বেহাল অবস্থায় পড়ে থাকায় প্রতিদিন হাজারো মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী এবং সাধারণ যাত্রীদের চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, জলাবদ্ধতা ও কাদার সৃষ্টি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। ফলে স্থানীয় জনজীবন, শিক্ষা কার্যক্রম এবং ব্যবসা-বাণিজ্যও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বক্তারা আরও বলেন, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে অবিলম্বে সড়কটির সংস্কারকাজ শুরু করার জন্য তারা জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন আবদুল হক মডেল মাদরাসার শিক্ষক মাস্টার কামরুল হাছান, আলোর কাফেলার পরিচালক হাসিব ভূঁইয়া, মাস্টার আবুল বাশার মাসুদ, সমাজসেবী এ. কে. আজাদ এবং প্রবাসী আলমগীর হোসেন।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, জনগণের ভোগান্তি নিরসন ও এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে চিলাদি–তেমুহনী বাজার–ছাতারপাইয়া সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা এখন সময়ের দাবি।
