সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মসজিদের মোয়াজ্জেম আজিদ মৌলা
মো: হাবিবুল্লাহ, (খালিয়াজুড়ি), নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নূরপুর বোয়ালী গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় নূরপুর মসজিদের মোয়াজ্জেম আজিদ মৌলা (৬৪) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ বিকেলে খালিয়াজুড়ি জনস্বাস্থ্য অফিসের কর্মচারী মোঃ পাবেল মিয়া ও বাহাদুর মিয়া অফিসের কাজ শেষে মোটরসাইকেলে করে মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে নূরপুর মসজিদের সামনের মোড়ে রাস্তা পার হওয়ার সময় মোয়াজ্জেম আজিদ মৌলার সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে আরোহী পাবেল ও বাহাদুর মাটিতে পড়ে যান এবং আজিদ মৌলা গুরুতর আহত হন।
চিকিৎসা ও মৃত্যু
আহত মোয়াজ্জেমকে তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের বড় ভাই কাজী মৌলা জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এদিন আছর নামাজ শেষে নূরপুর ঈদগাহ মাঠে জানাজা ও পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
প্রশাসনের শোক ও নির্দেশনা
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাকিল সারোয়ারকে মৃত আজিদ মৌলার পরিবারের সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ প্রদান করেছেন।
