শেরপুরে নারী মিনি ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত

​মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ

নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষ্যে শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘নারী মিনি ম্যারাথন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকালে শীতের ভোরে জেলার বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের পাঁচ শতাধিক নারীর অংশগ্রহণে এ আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে। সকাল ৬টা ১৫ মিনিটে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম প্রাঙ্গণে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও পতাকা সংকেতের মাধ্যমে ম্যারাথনের উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন।

​ম্যারাথনের পথ ও অংশগ্রহণকারীরা

​উদ্বোধনের পরপরই প্রতিযোগীরা দৌড় শুরু করেন। প্রায় ৬ কিলোমিটার পথ অতিক্রম করে অষ্টমীতলা, শেরীব্রীজ মোড়, জেলা পরিষদ, সোনার বাংলা বাসস্ট্যান্ড ও শেরপুর সরকারি কলেজ মোড় হয়ে ডিসি উদ্যানে গিয়ে ম্যারাথন শেষ হয়।

​স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী নারী ও গৃহিণীসহ পাঁচ শতাধিক নারী এতে অংশ নেন। উৎসাহ দিতে ও দৌড়ে অংশ নিতে জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ, প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বিভিন্ন উপজেলার ইউএনও, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

​পুরস্কার বিতরণ ও ডিসির বক্তব্য

​ম্যারাথন শেষে ডিসি উদ্যানে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অডিও বার্তায় শুভেচ্ছা জানান সংরক্ষিত নারী আসন-১৫-এর মনোনীত সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সেরা ২৫ জনকে সম্মাননা পদক এবং শীর্ষ ১০ জনকে পুরস্কার দেওয়া হয়; প্রথম তিনজনকে জেলা পরিষদের সৌজন্যে একটি করে বাইসাইকেল দেওয়া হয় এবং চতুর্থ স্থান অধিকারিনীকে মিজ্‌ রাজিয়া সামাদ ডালিয়ার পক্ষ থেকে আরেকটি বাইসাইকেল দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

​নারীদের সুস্থতা, আত্মবিশ্বাস ও সক্রিয় অংশগ্রহণে এমন আয়োজন গুরুত্বপূর্ণ বলে জানান অতিথিরা। জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন বলেন, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই; ভবিষ্যতে ক্রিকেট টুর্নামেন্ট ও পুরুষদের ম্যারাথনও আয়োজন করা হবে। সহযোগিতার জন্য পুলিশ, জেলা পরিষদ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রশাসনের কর্মীদের ধন্যবাদ জানান তিনি।

Leave a Comment