শিবচরে পরাজিত প্রার্থী নাদিরার হুঙ্কারে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর (শিবচর), প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে বিএনপি দলীয় টিকিট নিয়ে পরাজিত হওয়া প্রার্থী নাদিরা আক্তারের সাম্প্রতিক এক বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। গত কয়েকদিন ধরে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়া এই ক্ষোভ ও অসন্তোষ শিবচরের রাজনীতিতে নতুন মেরুকরণের জন্ম দিয়েছে।

বিতর্কিত বক্তব্যের সূত্রপাত

সম্প্রতি শিবচর পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় নাদিরা আক্তার ঘোষণা দেন যে, দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীর বিরুদ্ধে যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন, তাঁদের শিবচরের মাটিতে কোনোভাবেই বরদাশত করা হবে না এবং তাঁদের এলাকায় ঢুকতে দেওয়া হবে না। তাঁর এই বক্তব্যের লক্ষ্য ছিল স্থানীয় প্রভাবশালী দুই বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দিন মোল্লাসাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী

নেতা-কর্মীদের প্রতিক্রিয়া ও অসন্তোষ

নাদিরা আক্তারের এই অবস্থানকে ‘অগণতান্ত্রিক’ ও ‘উগ্র’ হিসেবে আখ্যা দিয়েছেন স্থানীয় পর্যায়ের অনেক নেতা-কর্মী। নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র নেতারা জানান, দলের বর্তমান পরিস্থিতিতে ঐক্য জরুরি হলেও এ ধরনের উসকানিমূলক বক্তব্য বিভাজন আরও বাড়াবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে মন্তব্য করেছেন যে, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এমন ভাষা দলীয় শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ।

পুরনো বিতর্ক ও আস্থার সংকট

নাদিরা আক্তারকে ঘিরে বিতর্ক এই প্রথম নয়। জাতীয় সংসদ নির্বাচনের সময় এক উঠান বৈঠকে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত ও পলাতক নেতা-কর্মীদের উপস্থিতি এবং সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের ঘনিষ্ঠদের সঙ্গে সুসম্পর্ক রেখে নির্বাচনে ভরাডুবির পর এখন তিনি দলের নিবেদিতপ্রাণ নেতাদের বিরুদ্ধে বিষোদগার করছেন।

কেন্দ্রের হস্তক্ষেপ কামনা

শিবচরের সাধারণ নেতা-কর্মীদের মধ্যে নাদিরা আক্তারের নেতৃত্ব নিয়ে আস্থার সংকট তৈরি হয়েছে। নেতা-কর্মীদের মতে, নির্বাচনে অংশ নেওয়া সাংবিধানিক অধিকার, তাকে প্রতিহত করার ঘোষণা প্রকারান্তরে জনগণের অধিকারকেই অবজ্ঞা করা। এই একগুঁয়ে মনোভাবের বিরুদ্ধে অনেকেই এখন কেন্দ্রের হস্তক্ষেপ কামনা করছেন। অন্যথায় স্থানীয় বিএনপি যে কোনো সময় তাঁকে শিবচরে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *