শাবানা কি বাংলাদেশে নাকি যুক্তরাষ্ট্রে? কী বলছেন শাবানা ও তাঁর স্বামী

ঢাকার বারিধারার বাসায় প্রথম আলোর ক্যামেরায় শাবানা ও ওয়াহিদ সাদিকছবি : মনজুর কাদের

মনজুর কাদের, ঢাকা

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০০

​‘দীর্ঘ বিরতির পর দেশে ফিরলেন শাবানা’, ‘৫ বছর পর ঢাকায় শাবানা’, ‘নীরবে দেশে এসেছেন শাবানা’—এমন শিরোনাম গত দুই দিন ধরে প্রকাশিত হচ্ছে। বরেণ্য অভিনয়শিল্পী শাবানার দেশে ফেরা নিয়ে এসব সংবাদ একটি ইউটিউব ভিডিও থেকে ছড়িয়েছে। এরপর প্রথম আলোর সঙ্গে কথা বলেন শাবানা ও তাঁর প্রযোজক স্বামী ওয়াহিদ সাদিক। তাঁরা বলেন, ‘এই ধরনের খবর কারা ছড়ায়, কিছুই বুঝি না।’

​গুঞ্জন উঠেছিল, ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শাবানা এখন ঢাকায়। যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসে তিনি চুপচাপ সময় কাটাচ্ছেন, এমন খবর চারদিকে ছড়িয়ে পড়লে ওয়াহিদ সাদিক প্রথম আলোকে বলেন, ‘তিন সপ্তাহ আগে আমার হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে দুটি ব্লক ধরা পড়লে দুটি স্টেন্ট পরানো হয়। চিকিৎসক আমাকে মাসখানেক বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এই সময় তো দেশে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর দেশে গেলে লুকোচুরি করার কিছু নাই।’

শাবানা। কোলাজ

​কথা প্রসঙ্গে ওয়াহিদ সাদিক বলেন, ‘একটা নির্দিষ্ট সময় পর আমাদের দেশে যাওয়া হয়। মাস দুয়েক আগে আমার বাংলাদেশে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে আরও জরুরি কাজ থাকায় আর যাওয়া হয়নি। এরপর তো অসুস্থ হয়ে পড়ি, তাই আপাতত যাওয়া হচ্ছে না।’

​কথা হয় শাবানার সঙ্গেও। তিনি জানান, মায়ের সঙ্গে তাঁর সময় কাটছে। বললেন, ‘আমিও শুনলাম, আমি নাকি বাংলাদেশে গেছি। চুপচাপ আছি। শুনে আমি নিজেই অবাক। তবে এটা বুঝি, সবাই আমাকে ভালোবাসেন, তাই খোঁজখবর রাখেন। কিন্তু এমনভাবে গুজব ছড়ালে তো সমস্যা। যাঁরা শুরুতে ছড়ালেন, তাঁরা তো বিশ্বাসযোগ্যতা হারাবেন। তাই কোনো কিছু বলার আগে যাচাই-বাছাই করে নেওয়া উচিত।’

শাবানা শেষবার ঢাকায় এসেছিলেন ৫ বছর আগে স্বামী ওয়াহিদ সাদিকের সঙ্গে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *