যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ প্রতিপাদ্যে র্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অনুদান বিতরণের মধ্য দিয়ে বুধবার (১৫ অক্টোবর) ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’।
এদিন সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এবং কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান
আলোচনা সভায় ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, “প্রতিবন্ধীদের সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনাই সাদাছড়ি দিবস উদযাপনের মূল উদ্দেশ্য।” তিনি পরিবার ও সমাজকে প্রতিবন্ধীদের ন্যায্য অধিকার প্রাপ্তিতে সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সভায় বিভিন্ন বক্তা তৃণমূল পর্যন্ত সাদাছড়ি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি উপযুক্ত পরিবেশ, সহযোগিতা ও সহমর্মিতা পেলে তারাও দেশ ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
জেলা সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহের উপপরিচালক রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিভিল সার্জন মোহাম্মদ ছাইফুল ইসলাম খান।
আলোচনা সভার শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে অনুদান চেক এবং ডিজিটাল সাদাছড়ি প্রদান করা হয়।
