মিরপুরে আগুন: মেয়ের ছবি হাতে মায়ের আর্তনাদ

মেয়ে নার্গিস আক্তারের ছবি হাতে মা সুরমা বেগমের আহাজারিছবি: ড্রিঞ্জা চাম্বুগং।
নিজস্ব প্রতিবেদক। ঢাকা
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। এ ঘটনায় বিকেল পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে নিখোঁজ মেয়ের পাসপোর্ট সাইজের ছবি হাতে আহাজারি করছেন মা সুরমা বেগম।
মায়ের আর্তনাদ
মিরপুর-১ গুদারাঘাট এলাকার বাসিন্দা সুরমা বেগম জানান, তাঁর মেয়ে নার্গিস আক্তার মাত্র দুই সপ্তাহ আগে ‘আনোয়ার ফ্যাশন’ নামের ওই তৈরি পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি নিয়েছিলেন। তিনি বলেন:
”আর্মি, বিজিবি, ফায়ার সার্ভিস কেউ কিছু বলতাছে না। ভেতরে কী অবস্থা, মাইয়াডার কিছু হইল কি না, কিছুই জানি না।”
পাশের একটি শোরুমের ব্যবস্থাপক আফজাল সরকার জানান, আগুন প্রথমে লাগে কারখানার নিচতলায় ‘ওয়াশ সেকশনে’।
