ময়মনসিংহে শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী পালন করল জিয়া পরিষদ
রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর চরপাড়াস্থ লবঙ্গ রেস্টুরেন্টে জিয়া পরিষদ ময়মনসিংহ জেলা, মহানগর এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
প্রধান অতিথির বক্তব্য
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, “শহীদ জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি। তাঁর প্রদর্শিত জাতীয়তাবাদের দর্শনেই দেশ স্বনির্ভরতার পথে এগিয়েছিল। আজ তাঁর আদর্শকে ধারণ করেই আমাদের আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।”
বক্তা ও অতিথিবৃন্দ
জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি এম. জহির আলী।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জিয়া পরিষদ ময়মনসিংহ মহানগরের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান। সভায় ‘শহীদ জিয়ার কর্মময় জীবন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিয়া পরিষদ বাকৃবি শাখার সাধারণ সম্পাদক প্রফেসর ড. সামছুল আলম ভূঁঞা।
সঞ্চালনা ও দোয়া
জিয়া পরিষদ ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ মোঃ ইউসুফ লিটন-এর সঞ্চালনায় সভায় জিয়া পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও পেশাজীবীরা অংশ নেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
