রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

‘দৃষ্টি যেখানে সীমিত—সম্ভাবনা সেখানে সীমাহীন’—এই বার্তা নিয়ে ময়মনসিংহে উদযাপিত হয়েছে ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে আলোচনা সভা এবং দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে প্রতীকী ও আত্মনির্ভরশীলতার প্রতীক হিসেবে সাদাছড়ি বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকালে ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুভ উদ্বোধন ও অতিথিবৃন্দের বক্তব্য
ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শামছুর নাহার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ।
বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন; উপযুক্ত প্রশিক্ষণ, সঠিক সুযোগ এবং সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি পেলে তাঁরাও জাতীয় উন্নয়নে অসামান্য অবদান রাখতে পারেন। সাদাছড়ি কেবল পথচলার মাধ্যম নয়, এটি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক।
সাদাছড়ি বিতরণ ও অংশগ্রহণকারী
আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধী সুবিধাভোগীদের হাতে বিনামূল্যে উন্নতমানের সাদাছড়ি তুলে দেন।
ময়মনসিংহ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে সমাজসেবা দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং জেলা শহর ও আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।